১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন


‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস–২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হলরুমে শপথ পাঠ, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে এডিস মশা নিধনে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। জুলাই–২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘যুব সমাজই উন্নয়ন ও উৎপাদনের প্রধান শক্তি। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী এই তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর কারিগরি প্রশিক্ষণ, আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতি বছর প্রায় ২ লাখ যুবক–যুবতীকে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হলে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, এবং সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করতে হবে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, ‍দিবস, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ