২৫ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৪:৪০ অপরাহ্ন


‘জুলাই চেতনাই আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে শান্তিগঞ্জ বাজার ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ ও অনুদান প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মো. মিজানুর রহমান এবং গীতা পাঠ করেন তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধরঞ্জন মজুমদার।

আলোচনা সভায় ১১ জন জুলাই যোদ্ধা তাঁদের আন্দোলনের স্মৃতি তুলে ধরেন। এর মধ্যে প্রবাসে থেকে আন্দোলনে যুক্ত হওয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলী আহমদ দুলাল তাঁর আন্দোলনে সম্পৃক্ততা, কারাবরণ এবং দেশে ফিরে আসার করুণ অভিজ্ঞতা বর্ণনা করেন। একইসঙ্গে তিনি তুলে ধরেন, কেমন বাংলাদেশ দেখতে চান তাঁরা।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ হাসান, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, একাডেমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ্, জমিয়তে উলামায়ে ইসলাম (ওবায়দুল্লাহ ফারুক গ্রুপ) শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হিই, একই সংগঠনের (মুফতি ওয়াক্কাস গ্রুপ) সাধারণ সম্পাদক এম আবদুল হাফিজ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার এবং সদস্য নোহান আরেফিন নেওয়াজসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

পরে জুলাই যোদ্ধাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান, শান্তিগঞ্জ, দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ