৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: আনিসুল হক

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ৮:৪০ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করার ক্ষমতা কারো নেই—এ ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তায়ালার। যারা বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত, তারা ভুলে যাচ্ছেন—বিএনপি কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, এটি জনগণের দল।”

বুধবার (৩০ জুলাই) ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপিকে দমন করার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। এখন একটি গোষ্ঠী নতুন কৌশল নিয়েছে—তারা পিআর (আনুপাতিক) পদ্ধতির নির্বাচনের দাবি করছে। কারণ তারা জানে, সুষ্ঠু ভোট হলে তাদের পরাজয় নিশ্চিত। জনসমর্থন হারিয়ে তারা নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।”

আনিসুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া জাতিকে এক নতুন দিগন্তের পথে নিয়ে যান। তাঁর সবচেয়ে বড় অবদান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’—যা এই জাতিকে একটি নতুন পরিচয় ও আত্মমর্যাদা দিয়েছে। স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তিনি জাতিকে মুক্তির সূচনা উপহার দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। একদলীয় শাসন ব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। শহীদ জিয়া জনগণকে মতপ্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন।”

বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে ‘মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছেন, নারী ও শিশুর উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আর তারেক রহমান আজকের প্রজন্মকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। তাঁর ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক রূপরেখা নয়—এটি একটি আধুনিক,গণতান্ত্রিক, উন্নত বাংলাদেশের সুনির্দিষ্ট নকশা।”

বক্তব্যের শেষাংশে আনিসুল হক দৃঢ়ভাবে বলেন, “স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে বিএনপি অতীতেও লড়েছে, আগামীতেও লড়বে। ষড়যন্ত্রকারীদের বলছি—বিএনপিকে থামানো যাবে না। কারণ জনগণই বিএনপির শক্তির উৎস। আর জনগণের শক্তিকে দমিয়ে রাখার ক্ষমতা কারো নেই।”

সভায় ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  কাজী মাজহারুল হকের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস.এম.রহমত, আহবায়ক কমিটিরি সদস্য ইকবাল হোসেন মন্টু, আফছার আলম চন্দন পীর, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোশাহিদ তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ন  আহবায়ক সাইনুর হক, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারন সম্পাদক কবির মজুমদার মিলন, উপজেলা সেচ্ছাসেবক দলের  সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, ছাত্রনেতা কাঞ্চন আহমেদ, নাজমুল ইসলাম  তপু, রোমান আহমেদ প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১ আসন,বিএনপির মনোনয়নপ্রত্যাশী,আনিসুল হক বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ