২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে নদীতে গোসলে নেমে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ মুকিত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে তারা সিলেট নগরীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মুকিতসহ ২৮ জনের একটি দল বাসে করে জাফলংয়ে ঘুরতে আসে। দুপুরে ফুটবল খেলার পর তিনজন বন্ধু মিলে নদীতে নামলে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান মুকিত। বাকি দুজন নদীর পাড়ে উঠতে পারলেও মুকিত আর ওঠেননি।

মুকিতের এক সঙ্গী শাওন বলেন, “ফুটবল খেলার পর আমরা তিনজন পানিতে নামি। হঠাৎ স্রোত বেড়ে গেলে দুজন তীরে উঠি, কিন্তু মুকিত পানিতে হারিয়ে যায়। তখনই সবাই চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকি।”

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। ঘণ্টাব্যাপী অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই ও জাফলং বিট কর্মকর্তা ওবায়দুল্লাহ বলেন, “ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্যোগে সন্ধান চালানো হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে।”


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জাফলং, পর্যটক, নিখোঁজ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ