০৪ মে ২০২৬

দৈনন্দিন

লক্ষ্য ছাড়া মানুষ কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না: গোয়াইনঘাটে জয়নাল আবেদিন

প্রতিনিধি,গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৫ ৭:০৭ অপরাহ্ন


সিলেট জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেছেন, 'সকল ছাত্র-ছাত্রীকে অবশ্যই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। আমরা কোথায় যাব, কি হব তা এখনই ঠিক করতে হবে। লক্ষ্য ছাড়া মানুষ কখনো তার গন্তব্যে পৌঁছাতে পারে না।'

তিনি আরও বলেন, 'আমরা এমন একটি দেশে বসবাস করছি, যেখানে স্বাধীনতার পর মেধার যথাযথ মূল্যায়ন হয়নি। স্বাধীনতার পর দেশে গবেষণা ও কারিগরি শিক্ষার যে বিকাশ ঘটার কথা ছিল, তা হয়নি। যদি সেইভাবে দেশকে গড়ে তোলা যেত, তাহলে বাংলাদেশও অনেক দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াত—যেমনটি আজ তাইওয়ান চীনের জন্য।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জয়নাল আবেদিন বলেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শভিত্তিক সংগঠন, যেখানে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ হয়। অথচ বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার আমাদেরকে নানা ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রেখেছিল। এখন আবারও কিছু দল আদর্শিক পরাজয় মেনে নিয়ে আমাদের বিরুদ্ধে ট্যাগ লাগানোর অপচেষ্টা করছে, যা অত্যন্ত নেতিবাচক ও অনাকাঙ্ক্ষিত।'

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, বর্তমান সেক্রেটারি আদিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি ফয়েজ আহমদ, শিবির নেতা সুফিয়ান আহমদ, রায়হান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, জয়নাল আবেদিন বক্তব্য, সিলেট জামায়াত, এসএসসি দাখিল সংবর্ধনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ