০৪ মে ২০২৬

দৈনন্দিন

১৫০ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে শুরু হচ্ছে চার লেন সড়কের নির্মাণকাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ১২:২২ অপরাহ্ন


সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বহু প্রতীক্ষিত এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামী মাসের প্রথম দিকে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের কাজও সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, অপরিকল্পিত যানবাহনের চলাচল, ফুটপাত দখল, স্থাপনা নির্মাণ ও এলোমেলো পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজটে ভুগতে হচ্ছে নগরবাসীকে। শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত হলে নাগরিক ভোগান্তি লাঘব হওয়ার পাশাপাশি শহরের চেহারায় পরিবর্তন আসবে।

উকিলপাড়া এলাকার বাসিন্দা নূরুল হাসান আতাহের বলেন, 'সুনামগঞ্জ শহরের অন্যতম বড় সমস্যা যানজট। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যানবাহন এখন শহরে চলছে। সড়কের ট্রাফিক ব্যবস্থাও কার্যকর নয়। এই অবস্থার উন্নয়নে চার লেন সড়ক প্রকল্পটি শহরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই, এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হোক।'

জানাযায়, প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। প্রকল্পের আওতায় থাকবে সড়কের মাঝখানে ডিভাইডার, উভয় পাশে ফুটপাত-সক্ষম ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক অটো সিগন্যালিং সিস্টেম।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, 'সুনামগঞ্জ শহরের মূল সড়ক সম্প্রসারণে চার লেন প্রকল্পটি আগের সরকারের সময় গ্রহণ করা হয়। চলতি বছরের শুরুতে টেন্ডার ও ঠিকাদার নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।'

তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের যানজট কমে আসবে এবং ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সড়ক ও জনপথ, নির্মানকাজ, সিলেট,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ