০৪ মে ২০২৬

দৈনন্দিন

কাজের উদ্দেশ‍্যে বেরিয়ে বানিয়াচঙ্গে রাজমিস্ত্রি যুবক নিখোঁজ

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক তিনদির ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

রিয়াজ বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ–পশ্চিম ইউনিয়নের বাসিয়াপাড়া মহল্লার আজিজুর রহমান রেনু মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি নিজেই ঠিকাদারি করতেন বলে জানিয়েছেন তার পরিবার।

নিখোঁজের ঘটনায় রিয়াজের বড় ভাই আমিনুর রহমান বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াজ। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিকেলের দিকে পরিবারের সদস্যরা রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

এরপর সম্ভাব্য আত্মীয়–স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বানিয়াচং থানায় জিডি করেন তার ভাই।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মস্তফা বলেন, “আমরা নিখোঁজ রিয়াজুর রহমানকে উদ্ধারে র‌্যাবের সহযোগিতায় তদন্ত ও খোঁজ চালিয়ে যাচ্ছি।”



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, রাজমিস্ত্রি, নিখোঁজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ