২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

শুধু কাগজে-কলমেই স্বাস্থ্যকেন্দ্র, ছয় মাস ধরে বন্ধ সেবা

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন


সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে গড়ে তোলা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তবে দীর্ঘ ছয় মাস ধরে চিকিৎসকসহ সব ধরনের জনবল শূন্য থাকায় বন্ধ রয়েছে এই কেন্দ্রের কার্যক্রম। ফলে প্রতিদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের দুই লাখেরও বেশি মানুষ।

সরেজমিনে রোববার (১৩ জুলাই) দেখা যায়, নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নেই কোনো জনবল। চৌকি-বিছানা, ওষুধের তাক আর তালাবদ্ধ কক্ষ দেখে বোঝার উপায় নেই এটি একসময় স্বাস্থ্যসেবা দেওয়ার কেন্দ্র ছিল। ভূতুড়ে পরিবেশে পড়ে আছে পুরো প্রতিষ্ঠানটি।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে প্রতিদিনই কেউ না কেউ এই কেন্দ্রে চিকিৎসা নিতে আসতেন। বিনামূল্যে ওষুধ পেতেন। এখন কেউ আসলেও তালাবদ্ধ দরজা দেখে ফিরে যান খালি হাতে। বিশেষ করে নারী, শিশু ও গর্ভবতী নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নরসিংপুরের বাসিন্দা সুহেল মিয়া বলেন, ‘আমার স্ত্রী কয়েকদিন ধরে অসুস্থ। সেবা পাওয়ার আশায় এখানে এনেছিলাম, কিন্তু দেখি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ। শুধু আমি না, গত ছয় মাসে কেউই সেবা পায়নি।’

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ছয়টি পদের অনুমোদন রয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন এমএলএসএস। কিন্তু বর্তমানে কোনো পদেই কেউ কর্মরত নেই।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান সিলেট ভয়েস-কে বলেন, ‘নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ছয় মাস ধরে জনবল শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনবল পেলে কার্যক্রম আবার শুরু হবে।’


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, দোয়ারাবাজার, স্বাস্থ‍্যকেন্দ্র, স্বাস্থ‍্যসেবা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ