২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

যাদুকাটায় বালু লুটের প্রতিবাদ

ক্ষিপ্ত ওসি কৃষকদল নেতাকে বললেন ‘তুমি কত বড় ডাকাইত’

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে বালু লুটের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যাদুকাটা নদী থেকে বালু লুটের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানানোয় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে কৃষকদল নেতা তানিম আহমেদ লিংকনকে ‘ডাকাইত’ বলে সম্বোধন করেন।


শনিবার (১২ জুলাই) রাতে ওসি দেলোয়ার হোসেন কৃষকদল নেতা লিংকনকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলেন, ‘তোমার কেমন সাহস, তুমি কত বড় ডাকাইত, ফেসবুকে কী লিখছো? আমি কাল তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’


এই ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অডিওতে কৃষকদল নেতা লিংকনকে বলতে শোনা যায়, ‘আমি তো আপনার বিরুদ্ধে কিছু লিখিনি, আপনি আমাকে ডাকাত বলছেন কেন?’


জানা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যাদুকাটা নদীর বিভিন্ন অংশে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এ নিয়ে সেনাবাহিনীকে অবগত করলে ওসি দেলোয়ার ক্ষিপ্ত হয়ে ওই নেতার বিরুদ্ধে এ ধরনের আচরণ করেন বলে দাবি করছেন লিংকন।



রবিবার সকালে এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লিংকন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ওসি দেলোয়ার হোসেনকে ‘দুর্নীতিবাজ ও বালু লুটকারী’ বলে আখ্যায়িত করেন এবং ওসির অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধনের ডাক দেন।


তার স্ট্যাটাসে লেখা হয়, ‘আগামীকাল ১৪ জুলাই যাদুকাটা নদী থেকে বালু লুটের মূলহোতা, শত শত পরিবারকে মামলা দিয়ে হয়রানিকারী দুর্নীতিবাজ ওসি দেলোয়ার হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন হবে।’


এ বিষয়ে মন্তব্য চাইলে ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘কৃষকদল নেতা লিংকন ফেসবুকে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর অনেক কিছুই লিখেছে। বাকিটা তো আপনারাই দেখছেন।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, যাদুকাটা নদী, বালু উত্তোলন, কৃষকদল, তাহিরপুর থানা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ