০৪ মে ২০২৬

দৈনন্দিন

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫ ১:২৩ অপরাহ্ন



মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন-এর সিলেট জেলা শাখার আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। কর্মসূচিতে তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবিগুলো উপস্থাপন করেন।

স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও তাদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। এতে করে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে,  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারীদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান, ১৪তম গ্রেড বাস্তবায়ন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং স্বাস্থ্য সহকারীদের অবদান মূল্যায়নের ভিত্তিতে নীতিগত স্বীকৃতি প্রদান।

সংগঠনের নেতারা বলেন, ‘স্বাস্থ্যখাতের মৌলিক সেবায় স্বাস্থ্য সহকারীদের অবদান অনস্বীকার্য। অথচ তারা বছরের পর বছর ধরে বঞ্চিত। আমাদের দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ সময় নেতারা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্বাস্থ‍্য সহকারী, দাবি, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ