
অসংখ্য অমর গানের রচয়িতা, গীতিকার-সুরকার ও মরমী কবি বাউল খোয়াজ মিয়ার জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাউল খোয়াজ মিয়া ছিলেন ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক। তার জানাজায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-অনুরাগী, শিষ্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন মিয়ারবাজার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাধির খান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার, লুৎফুর রহমান, নজরুল ইসলাম আজাদ, জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন কালু, বাউল খোয়াজ মিয়ার শিষ্য এম এস রহমান, হুসিয়ার ভাণ্ডারী, সৌরভ সুহেল, ফুটবল রেফারি জাকির ডনসহ শত শত মানুষ।
‘আমার ভয় লাগিলো মনেরে’, ‘যাইও না কইন্যা’, ‘ভুবন মোহন রূপ তোমারী’, ‘লাগাইয়া পিরিতের ডুরি’—এমন অসংখ্য জনপ্রিয় ও মরমী গানের রচয়িতা ছিলেন খোয়াজ মিয়া। তিনি নিজের লেখা অধিকাংশ গানে নিজেই কণ্ঠ দিয়েছেন বলেও জানা যায়।
বাউল খোয়াজ মিয়া ১৯৪২ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মরমী সাধক 'জ্ঞানের সাগর' দুর্বিন শাহর শিষ্য। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মাওলানা আজিজুর রহমান এবং মাতা মরহুমা মোছাম্মদ আছতুরা বিবি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বাউল খোয়াজ মিয়া, বিশ্বনাথ সংবাদ, মরমী কবি মৃত্যু, বাউল গান, খোয়াজ মিয়ার জানাজা


