০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

দিরাইয়ে আবু সাইদ হত্যার বিচার ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরাঞ্চলের কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামসহ আশপাশের এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সম্প্রতি সংঘটিত রাজমিস্ত্রী আবু সাইদের হত্যার বিচার দাবি উঠেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়।

বুধবার (২৫ জুন) বেলা ১০টায় দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার।

সভায় সম্প্রতি সেনাবাহিনীর অভিযানের সময় হাতিয়া গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত আবু সাইদের ঘটনাকে কেন্দ্র করে বক্তারা তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁরা বলেন, হাওরাঞ্চলে দীর্ঘদিন ধরে অস্ত্রধারীরা প্রকাশ্যে সশস্ত্র মহড়া চালিয়ে আসছে। এমন অবস্থায় সেনাবাহিনীর অভিযানে এদের সঙ্গে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রাজমিস্ত্রী আবু সাইদ। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

সভায় অংশ নেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই সরকারি কলেজের ইংরেজি প্রভাষক সন্দীপন দাস, দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক সোয়েব হাসান, বিএনপি নেতা আমিরুল ইসলাম ও মিজানুর রহমান মিজান, জামায়াত নেতা আবদুল কুদ্দুস, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, জমিয়ত নেতা মুক্তার হোসেন চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় বক্তারা বলেন, আবু সাইদ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে অস্ত্রধারীদের গডফাদারদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

ইউএনও সনজিব সরকার বলেন, যৌথবাহিনী, র‍্যাব ও পুলিশের অভিযানে ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তবে দুর্গম হাওর এলাকায় অভিযানে সফলতা পেতে স্থানীয়দের সহযোগিতা জরুরি।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, এলাকায় রাজনৈতিক দ্বন্দ্ব না থাকলেও স্কুল, মাদ্রাসা ও গ্রাম উন্নয়ন ফান্ড নিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে দ্বন্দ্ব চলে আসছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে সন্ত্রাস দমনেও সমস্যা হচ্ছে।

আবু সাইদ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ঘটনাটি জগন্নাথপুর থানার আওতায়, তাই তদন্ত করছে সেখানকার পুলিশ। সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আবু সাইদ হত্যা দিরাই, দিরাই আইনশৃঙ্খলা সভা, সুনামগঞ্জ হাওরাঞ্চল সন্ত্রাস, কুলঞ্জ ইউনিয়ন গোলাগুলি, সেনাবাহিনী, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ