
সুনামগঞ্জের ছাতকে পৌরসভা কর্তৃক জিইএসাইএপি (GESIAP) প্রকল্পের আওতায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য দুইদিন মনোসামাজিক কাউন্সেলিং ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা সম্পন্ন হয়েছে।
পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় তৃতীয় লিঙ্গের ১৫ জন সদস্য অংশ নেন।
শনিবার ও রোববার (২১ ও ২২ জুন) পৌরসভা হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা মনোসামাজিক সহায়তা, আইনি অধিকার, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জনাব মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার জনাব মো. সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান এবং পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, 'তৃতীয় লিঙ্গধারীগণ সমাজে অবহেলিত একটি গোষ্ঠী। তাদের সমাজে সঠিকভাবে পুনর্বাসন করা গেলে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারাও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন।'
তিনি আরও বলেন, 'সরকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করা হচ্ছে। এই ধরনের কর্মশালাগুলো সেই বৃহত্তর লক্ষ্য পূরণেরই একটি অংশ। সম্প্রতি সরকার ও বেসরকারি পর্যায়ে এই জনগোষ্ঠীর জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করার মতো বিভিন্ন কর্মসূচি চালু হয়েছে।'
উল্লেখ্য, সরকার ২০১৩ সালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর লিঙ্গ পরিচয় হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ২০১৪ সালে তাদের ভোটাধিকার প্রদান করেছে। এই কর্মশালায় তাদের এই আইনি অধিকারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়, যা তাদের ক্ষমতায়নে সহায়ক হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
তৃতীয় লিঙ্গ,কর্মশাল,পৌরসভা


