
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, 'গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হতে হবে। ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধের সহজ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম।'
সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, 'জনসচেতনতা বাড়ানো গেলে গ্রাম আদালতের সেবা সহজেই জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের আন্তরিকতা জরুরি।'
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের আওতায় ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের পরিচিতি ও লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিবুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুজ্জামান, প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি।
কর্মশালার সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ফারহানা ফেরদৌস শিউলি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট গ্রাম আদালত, কর্মশালা, মোহাম্মদ শের মাহবুব মুরাদ, স্থানীয় সরকার, গ্রাম আদালত সচেতনতা,


