০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / বন্যপ্রাণী সংরক্ষণ

বৃক্ষরোপণে জনসম্পৃক্ততার আহ্বান, সুনামগঞ্জে শুরু বৃক্ষমেলা

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন


‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলা-২০২৬।


হাওর অধ্যুষিত সুনামগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।


রোববার (৬ সেপ্টেম্বর) সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


পরে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান।


আয়োজকরা জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও পতিত জমিতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি নদীর তীর ও খালের পাড়েও উপযোগী গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।


সুনামগঞ্জ রেঞ্জ, সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও সংগ্রহের সুযোগ রয়েছে। মেলায় দর্শনার্থী ও গাছপ্রেমীদের জন্য বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রাখা হয়েছে।


আয়োজকরা আশা প্রকাশ করেন, বৃক্ষরোপণ অভিযানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে সুনামগঞ্জকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, বৃক্ষমেলা, সুনামগঞ্জ, বনায়ন, জীববৈচিত্র্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ