রেকর্ড তাপমাত্রার পর সিলেটে স্বস্তির বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৪ জুলাই, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেয়েছে সিলেট। শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন এলাকাসহ জেলার কয়েকটি স্থানে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হলে টানা গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
শনিবার দুপুর ৩টায় সিলেটে তাপমাত্রা ওঠে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি বছরের সর্বোচ্চ। সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন ছিল দুর্বিষহ। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। নগরীর বিভিন্ন সড়কেও মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলক কম।
এদিকে তীব্র রোদ আর ভ্যাপসা গরমের পর বৃষ্টি আসায় নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, দুপুরের গরমে ঘরের বাইরে থাকাই কষ্টকর হয়ে পড়েছিল। বিকেলে বৃষ্টি শুরু হওয়ার পর অনেকটা স্বস্তি ফিরেছে।
চৌকিদেখি এলাকার বাসিন্দা শাকিল আহমদ বলেন, সারাদিন রোদে কাজ করতে খুব কষ্ট হয়েছে। বৃষ্টি হওয়ার পর আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়েছে। এখন কাজ করতেও স্বস্তি লাগছে।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি মনে হয়েছি। তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে সিলেট অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা ছিল।
তিনি জানান, শনিবারের তাপমা্ত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এবছরের মধ্যে সর্বোচ্চ।
সিলেট, তাপমাত্রা, বৃষ্টি, আহবাওয়া