০৫ জুলাই ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

চলতি মাসের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জুলাই, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন


চলতি মাসে সিলেটে এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা অতিক্রম করেছে শনিবার। এদিন দুপুর ৩টা নাগাদ সিলেটে তাপমাত্রা গিয়ে ঠেকে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি জুলাই মাসের সর্বোচ্চ। প্রখর এই রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সিলেট অঞ্চলের জনজীবন।

সকাল থেকেই কড়া রোদ আর ভ্যাপসা আবহাওয়ায় থমকে যায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য। প্রয়োজন না হলে অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না, যার প্রভাবে নগরীর সড়কগুলোতেও মানুষ ও যানবাহনের চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন জানান, শনিবার দুপুর ১২টার তথ্য অনুযায়ী সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দুপুর ৩টা নাগাদ বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। তিনি বলেন, চলতি মাসে সিলেটে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি ছিল প্রকৃত তাপমাত্রার তুলনায়ও তীব্র।

তিনি আরও জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিলে তাপমাত্রা কমে আসতে পারে। পাশাপাশি সিলেটের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, তাপমাত্রা, আবহাওয়া, গরম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ