২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বিপদসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুন, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন


সিলেট নগরীতে আজ ভোর ৬টা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ অবস্থায় সিলেট জেলায় দুইটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও কুশিয়ারা নদী।


আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, চব্বিশ ঘন্টার হিসেবে ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত এই মৌসুমের সর্বোচ্চ। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরো ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


এদিকে পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার প্রতিবেদন অনুযায়ী সকাল ৬টায় সুরমা নদী সিলেটের কানাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো যা গতকাল সন্ধ্যা ৬টায় বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচে ছিলো।


একই সময়ে কুশিয়ারা নদী জকিগঞ্জ উপজেলার অমলসীদ পয়েন্টে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা গতকাল বিপদসীমার ১৮৭ সেন্টিমিটার নিচে ছিল।


সুরমা নদী সিলেট নগরী পয়েন্টে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এসময় কুশিয়ারা নদী বিয়ানীবাজার উপজেলার শেওলা পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার নিচে, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৭ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।


ভারী বর্ষণের ফলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ইতিমধ্যে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেট নগরীর বিভিন্ন এলাকা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন জায়গায়।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বন্যা, জলাবদ্ধতা, সুরমা, কুশিয়ারা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ