২১ জুন ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

অনির্দিষ্টকালের ক্লাস বর্জন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ জুন, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন


দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু এবং পূর্বে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জানান শিক্ষার্থীরা।

রোববার (২১ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা এ ঘোষণা দেন।

শিক্ষার্থীরা বলেন, একটি মেডিকেল কলেজের শিক্ষার প্রধান অনুষঙ্গ হলো হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজের নিজস্ব হাসপাতাল চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের চিকিৎসা শিক্ষাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তারা অভিযোগ করেন, গত বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতাল চালু এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। বারবার আশ্বাসের পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেন, দ্রুত হাসপাতাল চালু এবং পূর্বের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে দাবি পূরণে গড়িমসি করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান ও শামসিয়া তাব্বাসুম মাইশা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, ক্লাস বর্জন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ