০২ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রে সিলেটের যমজ ভাই-বোনের অনন্য সাফল্য অর্জন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ জুন, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে সিলেটের রায়নগরের বসুন্ধরা আবাসিক এলাকার যমজ ভাই-বোন তাহমিদ আহমেদ ও তাসনিয়া আহমেদ উচ্চশিক্ষা ও নেতৃত্বে অনন্য সাফল্য অর্জন করেছেন। ইউনিভার্সিটি অব বাফেলো থেকে পৃথক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষাজীবন ও সহশিক্ষা কার্যক্রমে তারা নিজেদের মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।


উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে পরিবারের সঙ্গে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে আমেরিকায় পাড়ি জমান তারা। সেখানে গিয়ে নিউইয়র্ক স্টেটের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব বাফেলোতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন দুজনই। দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রমের ধারাবাহিকতায় গত মে মাসের তৃতীয় সপ্তাহে তাহমিদ আহমেদ ‘ব্যাচেলর অব বায়োলজিক্যাল সায়েন্স’ এবং তার যমজ বোন তাসনিয়া আহমেদ ‘ব্যাচেলর অব পাবলিক হেলথ’ ডিগ্রি অর্জন করেন।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পড়াশোনায় নয়, সহশিক্ষা কার্যক্রমেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন তারা। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল ফিয়েস্তা ২০২৫’-এ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাহমিদ আহমেদের নেতৃত্বে দলটি ৪৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম স্থান অর্জন করে। সংগঠনে তখন ফাইনান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তাসনিয়া আহমেদ। এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।


এছাড়া দুই ভাইবোন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (বাসকো)-এর কার্যনির্বাহী কমিটিতেও দায়িত্ব পালন করছেন। তাহমিদ আহমেদ পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সক্রিয়। তিনি বাফেলোর স্থানীয় ক্রিকেট ক্লাব বাফেলো ইয়াং স্টার ক্রিকেট ক্লাবের ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলছেন এবং দলে নিয়মিত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন।



তাদের বাবা অ্যাডভোকেট মো. জুনেল আহমেদ সিলেট ল’ কলেজের সাবেক ভিপি ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক আইনপেশায় যুক্ত থেকে তিনি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেড (এসসিএস)-এর পরিচালক, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং সাংস্কৃতিক সংগঠন কথাকলির কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত ছিলেন। তিনি বসুন্ধরা সমাজকল্যাণ সংস্থার সভাপতির দায়িত্বও পালন করেছেন।



তাদের মা মমতাজ আহমেদ সিলেটের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ও তার স্বামী দুজনেই যুক্তরাষ্ট্রের বাফেলো পাবলিক স্কুলে কর্মরত রয়েছেন।



পরিবারের ছোট মেয়ে তাওহিদা আহমেদ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। সেখানে হাইস্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তিনিও ইউনিভার্সিটি অব বাফেলোতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, বড় ভাইবোনের পথ অনুসরণ করে।



তিন ভাইবোন উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে কমিউনিটি ও সমাজের কল্যাণে অবদান রাখবেন এবং মানবিক গুণাবলিতে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবেন আশা ব্যক্ত করে আনন্দিত পরিবারটি দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

যুক্তরাষ্ট্র, সিলেট, রায়নগর, বসুন্ধরা আবাসিক, যমজ ভাই-বোন, তাহমিদ আহমেদ, তাসনিয়া আহমেদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ