সিলেট সীমান্তে গোলাগুলি: বিজিবির নজরদারি জোরদার ও সতর্কতা জারি
সিলেটজুড়ে
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ–এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনার পর সিলেটের গোয়াইনঘাট সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে সীমান্ত এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছে বাহিনীটি।
গত সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় দুইপক্ষের গোলাগুলির এ ঘটনাটি ঘটে। বিজিবির ভাষ্যমতে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবিও তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কিছু সময় স্থায়ী হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে মঙ্গলবার দুপুরে সিলেট বিজিবির সেক্টরের সেক্টর কমান্ডার মোহাম্মোদ সালাহউদ্দীন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বিএসএফ কোনো ধরনের উসকানি ছাড়াই গুলি ছোড়ে। পরে সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা কড়া জবাব দেয়। ঘটনার পরপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির টহল টিমের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
সালাহউদ্দীন আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা অননুমোদিত চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছে। বর্তমানে সোনারহাট সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।া
সিলেট সীমান্ত, গোয়াইনঘাট সীমান্ত, সোনারহাট সীমান্ত, বিজিবি, বিএসএফ, গুলি বিনিময়, সীমান্ত উত্তেজনা, বিজিবির নজরদারি