১৯ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোয়াইনঘাটে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৯ মে, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্য সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা-এ ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।


আলোচনা সভায় বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমিসেবা এখন আরও সহজ ও স্বচ্ছ হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে গোয়াইনঘাট উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।


অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হল জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্য-স্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।


আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মধ্যে ই-সেবা–সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট ভূমিসেবা মেলা, ভূমিসেবা মেলা ২০২৬, গোয়াইনঘাট উপজেলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ