বিছানাকান্দিতে পানিতে ডুবে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
সিলেটের বিছানাকান্দি পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
শুক্রবার (১৫) বিকেল সোয়া ৫টার দিকে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন বলে জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
পুলিশ ও সহপাঠীরা জানান, শুক্রবার বিকেলে ১০ থেকে ১১ জন শিক্ষার্থীর একটি দল বিছানাকান্দি এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় বৃষ্টির কারণে উজান থেকে হঠাৎ ঢল নামলে পানির স্রোত বেড়ে যায়। প্রবল স্রোতের মধ্যে শান্ত বণিক তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
এ সময় তাঁর বন্ধুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে নৌকা নিয়ে তাঁকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
তবে রাত ৯টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পিএমই বিভাগের অ্যাসোসিয়েশনের সভাপতি তানজিদ রহমান অপূর্ব বলেন, আমাদের ২০২৩-২৪ ব্যাচের ১০-১২ জন বিছানাকান্দিতে ঘুরতে আসে। সোয়া ৫টার দিকে শান্ত পানিতে নামার পর নিখোঁজ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
তিনি অভিযোগ করেন, ঘটনার দেড় থেকে দুই ঘণ্টা পার হলেও শুরুতে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, রাস্তাঘাট খারাপ থাকায় উদ্ধারকারী দলের পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। রাত ৯টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শাবিপ্রবি, নিখোঁজ, বিছানাকান্দি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়