শাবিপ্রবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Strengthening Intellectual Property Rights Practices in Higher Education’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, উচ্চশিক্ষায় উদ্ভাবন এবং সৃজনশীলতাকে টেকসই করতে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস-এর গুরুত্ব অপরিসীম। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মৌলিক কাজগুলো যাতে যথাযথভাবে সংরক্ষিত হয় এবং তা যেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেজন্য আমাদের সচেতনতা বাড়ানো প্রয়োজন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।
এসময় বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শাবিপ্রবি, বিশ্ব মেধাস্বত্ব দিবস, আইকিউএসি কর্মশালা, মেধাস্বত্ব অধিকার, সিলেট বিশ্ববিদ্যালয়