কঠিন সময়ে মায়ের অবদান ভুলব না: সিলেটে রেল প্রতিমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৬:২০ অপরাহ্ন
মা দিবস উপলক্ষে আবেগঘন স্মৃতিচারণ করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, মা প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে শ্রদ্ধার, ভালোবাসার এবং নিরাপদ আশ্রয়ের জায়গা। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও তাঁর মা পাশে ছিলেন বলে উল্লেখ করেন তিনি।
শনিবার (৯ মে) সকালে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মা দিবস নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মা প্রতিটা মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধার একটা জায়গা, সবচেয়ে ভালোবাসার একটা জায়গা। মানুষ যখন মনে করে কোথাও তার আশ্রয় নেই, তখন সে মায়ের কাছেই ছুটে যায়। মায়ের কাছেই সে প্রশান্তি খুঁজে পায়।
নিজের পারিবারিক জীবনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তিনি ভাই–বোনদের মধ্যে সবার ছোট। তাঁর মা এখনো অনেক বয়সী হলেও পরিবারের জন্য আশীর্বাদের জায়গা হয়ে আছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। বলেন, গত ১৬ বছরে তাঁকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
হাবিবুর রশিদ বলেন, আমার রাজনৈতিক জীবনে অনেক সংগ্রাম ছিল। সাতবার কারাগারে গিয়েছি, রিমান্ডে ছিলাম, মিথ্যা মামলায় জড়িয়েছি। সেই কঠিন সময়গুলোতে আমার মায়ের অনেক অবদান রয়েছে। তিনি সবসময় সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন।
তিনি আরও বলেন, জীবনে অনেক সময় আসে, যখন একজন মানুষ চারদিক থেকে ভেঙে পড়ে। তখন মায়ের দোয়া আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়।
মা দিবসে নিজের মায়ের পাশাপাশি দেশের সব মায়ের প্রতিও শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আজকের এই দিনে আমি আমার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পৃথিবীর সব মায়ের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল।
সিলেট, মা দিবস, রেলওয়ে স্টেশন, প্রতিমন্ত্রী, হাবিবুর রশিদ