০৭ মে ২০২৬

দৈনন্দিন

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ৭ মে, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন


কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বড় বড় গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়ে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়ন এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বেশি ক্ষয়ক্ষতি হয়। পাশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নেও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়ে টিনের ঘরের চাল উড়ে গেছে, অনেক ঘর আংশিক বা পুরোপুরি ভেঙে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার গ্রাহক রাত থেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

রাজনগরের কামারচাক ইউনিয়নের বাসিন্দা রুহেল মিয়া বলেন, রাতের ঝড়ে তাঁর ঘর উড়ে গেছে। শুধু তাঁর নয়, আশপাশের অনেক পরিবারের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, কালবৈশাখীতে কয়েকটি ইউনিয়নে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, কালবৈশাখি, ঝড়, কমলগঞ্জ, রাজনগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ