সিলেটের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড়ো হাওয়ার আশঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন
সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনাও রয়েছে।
বুধবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আজ দিবাগত রাত ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
সিলেট ঝড়, আবহাওয়া পূর্বাভাস, বজ্রবৃষ্টি সিলেট, নদীবন্দর সতর্কতা, ঝড়ো হাওয়া বাংলাদেশ