০৬ মে ২০২৬

সিলেটজুড়ে

সিলেটে বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ, প্রণয়ন হচ্ছে ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন


বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করে সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আগামী ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বর্জ্য থেকে বায়ো-প্রোডাক্ট উৎপাদন ও সার্কুলার ইকোনমি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের এই সংস্থাটি ।


বুধবার (৬ মে) নগরীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রূপান্তর (SUWC)’ প্রকল্পের আওতায় ‘সিলেট সিটি কর্পোরেশনের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় একথা জানান সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করে একে সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, কঠিন বর্জ্য শুধু অপসারণ নয়, বরং তা থেকে বায়ো-প্রোডাক্ট উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে।


প্রশাসক বলেন, সিলেটকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে হলে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা ২০২১ অনুযায়ী ‘রিডিউস, রিইউজ ও রিসাইকেল (3R)’ পদ্ধতির পাশাপাশি সার্কুলার ইকোনমি বাস্তবায়নে কাজ চলছে। প্রণয়নাধীন ৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা ভবিষ্যতে বর্জ্যমুক্ত সিলেট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, স্টেকহোল্ডারদের মতামত, কারিগরি দক্ষতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি টেকসই, পরিবেশবান্ধব ও জলবায়ু-সংবেদনশীল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে।


সিলেট সিটি কর্পোরেশন ও এসএনভি (SNV)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন এবং নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব।


কর্মশালায় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে নগরীর পানি সরবরাহ, স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

সিলেট বর্জ্য ব্যবস্থাপনা, সিসিক পরিকল্পনা, সার্কুলার ইকোনমি, বর্জ্যকে সম্পদ, টেকসই নগর, সিলেট সিটি কর্পোরেশন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ