শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা, ঘাতক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ফজরের নামাজ পড়া অবস্থায় হাফিজ মিয়া (৫০) নামে এক মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযুক্ত জসিম মিয়াকে (৩০) তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল থানা পুলিশ আটক করেছে। জসিম মিয়া একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যান হাফিজ মিয়া। জামাত চলাকালীন অতর্কিতে তার ওপর হামলা চালায় জসিম মিয়া। সে কলম দিয়ে হাফিজ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিমকে আটক করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুসল্লীকে হত্যা, মসজিদ, শ্রীমঙ্গল