প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ২:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। শিশুদের সুশিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম-এ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কয়ছর আহমদ বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা আগামীর সমাজ ও দেশের দায়িত্ব নিতে পারে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বও গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি স্কুলের শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার ওপর সমান নজরদারি রাখতে হবে। এতে শিক্ষার মান বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের সম্মানও বৃদ্ধি পাবে।
টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে শিমুলবাঁক ইউনিয়নের জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এর আগে মেয়েদের ফাইনালে গণিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জেতে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, মোহাম্মদ কয়ছর আহমদ, খেলাধুলা