১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

শাল্লায় বোরো ধান কর্তন উৎসব, বৈশাখী শোভাযাত্রা

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় বোরো ধান কর্তন উৎসব পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার ছায়ার হাওরের পুটিয়ার বাঁধ এলাকায় কৃষক আব্দুল আজিজ মিয়ার বোরো জমিতে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উৎসবটির আয়োজন করা হয়।

 

ধান কর্তন উৎসবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল।

 

বক্তারা জানান, হাওরের অধিকাংশ ধান ইতোমধ্যে পরিপক্ব হয়ে উঠেছে। তবে অতি বৃষ্টির কারণে কিছু এলাকায় সমস্যা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা কম থাকায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, এবছর ফলন মোটামুটি অনেক ভাল হয়েছে। ২১ হাজার ৭০০ হেক্টর বোরোধান চাষ করা হয়েছে। সেখান থেকে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্র ছাড়িয়ে যাবে। তবে হাওরাঞ্চলে শিলাবৃষ্টি ও পাহাড়ি ঢলের একটা ভয় থাকে। সেজন্য ধান আশি ভাগ পরিপক্ব হলেই কেটে ফেলতে হবে। 

 

তিনি বলেন, আমরা উত্তরাঞ্চল থেকে কৃষি শ্রমিক আনার চেষ্টা চালাচ্ছি। আপনারা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শ্রমিক বৃদ্ধির কাজটি করতে পারেন। আমাদের শাল্লায় যে পরিমাণ ধান উৎপাদন হবে সেটা জাতীয় অর্থনীতিতে বড় একটা অবদান রাখবে বলে জানান তিনি।

 

ধান কর্তন উৎসবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান অপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, অবসরপ্রাপ্ত প্রভাষক ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি তরুণ কান্তি দাস, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ওবাইদুল হক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

এদিকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাল্লা, সুনামগঞ্জ, নববর্ষ-১৪৩৩, বৈশাখ, ধান কাটা উৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ