বকেয়ার অভিযোগ অস্বীকার করে নাসুমের বিরুদ্ধে সিলেটের পাল্টা অভিযোগ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৩:৫২ অপরাহ্ন
সিলেট টাইটান্সের বিরুদ্ধে নাসুম আহমেদের তোলা বকেয়ার অভিযোগ অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জাতীয় দলের এই স্পিনারের বিরুদ্ধে উল্টো চেক আত্মসাতের অভিযোগ তুলেছে তারা। সোমবার (১৩ এপ্রিল) এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দিয়েছে সিলেট টাইটান্স।
সর্বশেষ বিপিএলে সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্সের হয়ে খেলেছেন নাসুম আহমেদ। চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ৩৫ লাখ টাকা পাওয়ার কথা ছিল বাঁহাতি এই স্পিনারের। তবে কিছুদিন আগে গণমাধ্যমের কাছে নাসুম জানান, পাওনা টাকা এখনও বুঝে পাননি তিনি।
গণমাধ্যমে উঠে আসা সেসব প্রতিবেদনের প্রেক্ষিতে আজ নাসুমের পাওনা সংক্রান্ত ইস্যুতে বিবৃতি দিয়েছে সিলেট টাইটান্স। বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানায়, সিলেট টাইটান্সের কাছে ওই ক্রিকেটারের কোনো পাওনা নেই। তাদের মতে, ‘বিপিএল ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে। নির্ধারিত চুক্তি অনুযায়ী, ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা (বি-ক্যাটাগরি), যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।’
‘নিলামের পূর্বে খেলোয়াড়ের সঙ্গে পারিশ্রমিক ও বোনাস নিয়ে কিছু মৌখিক আলোচনা হয়েছিল। সেখানে শর্ত ছিল যে, দল যদি চ্যাম্পিয়ন হয় তবে অতিরিক্ত বোনাস প্রদান করা হবে। যেহেতু দল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাই উক্ত মৌখিক বোনাস প্রদানের কোনো আইনি বা চুক্তিগত বাধ্যবাধকতা নেই। মূলত স্বাক্ষরিত চুক্তিপত্রের শর্তাবলী অনুযায়ীই সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে।’
শুধু বকেয়ার অভিযোগ অস্বীকারই নয়, উল্টো নাসুমের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সিলেট টাইটান্স। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, টুর্নামেন্টের আগে নাসুম অনুরোধ করেন পুরো অর্থ নগদ পরিশোধ করতে। তাদের দাবি, পূর্ণ অর্থ তাকে তার ইচ্ছামতোই পরিশোধ করা হয়েছে। কিন্তু এরপরেও নিরাপত্তার স্বার্থে দেয়া অগ্রীম চেকগুলো ফেরত দেননি তিনি।
সিলেট ফ্র্যাঞ্চাইজির ভাষায়, ‘নাসুম আহমেদের বিশেষ অনুরোধে তার প্রাপ্য অর্থ নগদে সরাসরি পরিশোধ করা হয়েছে। তিনি ব্যাংকের মাধ্যমে না দেয়ার জন্য শুরুতেই অনুরোধ করেন। টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তার খাতিরে অগ্রিম হিসেবে প্রদত্ত চেকগুলো অন্যান্য খেলোয়াড়রা পেমেন্ট বুঝে নিয়ে ফেরত দিলেও, নাসুম আহমেদ তা এখনও ফেরত দেননি। বিসিবি কার্যালয়ে উপস্থিত থেকে পাওনা বুঝে নেওয়ার দিনে তিনি অনুপস্থিত থাকায় এবং পরবর্তীতে বারবার অনুরোধ সত্ত্বেও উক্ত চেকগুলো ফেরত না দেওয়া অনভিপ্রেত।’
বিপিএল, সিলেট টাইটান্স, নাসুম আহমেদ