রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন
আটক অটোরিকশা দ্রুত ছাড়ের দাবিতে সিসিক প্রশাসককে স্মারকলিপি
সংবাদ বিজ্ঞপ্তি
১১ দফা দাবি তুলে ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
সিলেটে আটককৃত ব্যাটারিচালিত অটোরিকশাগুলো দ্রুত মালিকদের কাছে হস্তান্তর এবং চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে নগর ভবনে সংগঠনের নেতারা স্মারকলিপিটি জমা দেন।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সিলেট নগরে প্রায় ৩০ হাজার রিকশা শ্রমিকের কর্মসংস্থানের বড় উৎস এই ব্যাটারিচালিত অটোরিকশা। নগরবাসীর দৈনন্দিন যাতায়াতেও এটি অন্যতম প্রধান বাহন। তাই অবিলম্বে আটককৃত যানবাহন ছাড় করে দেওয়ার দাবি জানান নেতারা।
এ ছাড়া যেসব গ্যারেজের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো পুনরায় চালুরও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে ১১ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—বিআরটিএ কর্তৃক নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত নগরের গলি ও প্রয়োজনীয় সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া, রিকশা-সিএনজি-বাস মালিক-শ্রমিক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি’ গঠন, জরিপের মাধ্যমে অটোরিকশার সংখ্যা ও মালিকানা নির্ধারণ করে রুট নিশ্চিত করা এবং নতুন বাহন বৃদ্ধি রোধে শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বাহন আধুনিকায়ন ও বাহন বিনিময় নীতিতে শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, অবৈধ কার্ড বা টোকেন বাণিজ্যের নামে চাঁদাবাজি বন্ধ, অটোরিকশা গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান এবং পর্যায়ক্রমে সার্ভিস লেন নির্মাণ ও নির্ধারিত স্ট্যান্ড চালুর দাবি জানানো হয়।
র্যাকার বিল কমিয়ে যৌক্তিক করা, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, শ্রম সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়ও দাবির তালিকায় রাখা হয়।
স্মারকলিপি প্রদানকালে শ্রমিক নেতারা বলেন, মানবিক দিক এবং দেশের অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করা জরুরি। একই সঙ্গে প্যাডেলচালিত বাহনের অমানবিক ‘পশু শ্রম’ থেকে মানুষকে মুক্ত করে এই বাহনের আধুনিকায়ন দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, শ্রমিক নেতা ইবরাহিম খলিল, মোহাম্মদ সবুজ, শহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, সিলেট, সিসিক, সিলেট নগরী, ব্যাটারিচালিত অটোরিকশা