
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ক্যামেলিয়া ডানকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
নিহত ঐশি রবিদাস সমসেরনগর চা-বাগানের বাবুল রবিদাসের মেয়ে। পরিবার জানায়, মাথাব্যথা নিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অবস্থার অবনতি হলে জরুরি চিকিৎসক না পাওয়ার অভিযোগ করেন স্বজনরা। তারা দ্রুত অন্যত্র পাঠানোর অনুরোধ করলেও তা করা হয়নি বলে দাবি পরিবারের।
শিশুটির কাকা রঞ্জিত রবিদাস বলেন, রাতে অবস্থার অবনতি হলেও যথাসময়ে চিকিৎসা মেলেনি। সকালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর দুপুরে ক্ষুব্ধ চা-শ্রমিক ও স্থানীয়রা হাসপাতালে বিক্ষোভ করেন এবং হাসপাতালের প্রধান ডা. আনোয়ারুল হকের পদত্যাগ দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ডা. বাহাউদ্দিন বলেন, 'রোগীকে রাতে রেফার করার প্রস্তাব দেওয়া হলেও স্বজনরা তখন রাজি হননি।'
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, 'স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।'
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
কমলগঞ্জ, শিশুর মৃত্যু, চিকিৎসা অবহেলা, মৌলভীবাজার, হাসপাতাল বিক্ষোভ


