২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

হাওরের নারীদের সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন


বিশ্ব নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের হাওর অঞ্চলের তৃণমূল নারীদের উদ্যোগে পরিবেশ ও জলাভূমি সংরক্ষণভিত্তিক নতুন সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’–এর যাত্রা শুরু হয়েছে। শনিবার (৭ মার্চ) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আয়োজিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সালমা বেগমকে আহ্বায়ক এবং ফাহিমা খাতুনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক অনিতা রানী সরকার এবং সদস্য প্রীতি রানী কর ও সাবেরা বেগম।

উদ্যোক্তারা জানান, সংগঠনটি হাওর অঞ্চলের নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জলাভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে। এটি পরিবেশবাদী সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগী সংগঠন হিসেবে তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুসহ স্থানীয় নারী সংগঠনের সদস্যরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্র হলো হাওর। এটি দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু জলবায়ু পরিবর্তন, অকাল বন্যা, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং নানা মানবসৃষ্ট চাপের কারণে হাওরের পরিবেশ ও মানুষের জীবন আজ বড় ধরনের সংকটের মুখে পড়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে হাওর অঞ্চলের নারীদের ওপর।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে হাওরের প্রকৃতি ও মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নারীরা এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী। তবে একই সঙ্গে তারা পরিবেশ রক্ষা ও অভিযোজনের গুরুত্বপূর্ণ শক্তি হতে পারে। তাই হাওরের নারীদের সংগঠিত করে জলাভূমি সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতার আন্দোলনে যুক্ত করার লক্ষ্যেই ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’ গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, এই সংগঠন নারীদের পরিবেশ শিক্ষা, জলবায়ু সচেতনতা, টেকসই জীবিকা উন্নয়ন এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে। পাশাপাশি হাওর অঞ্চলে নারী নেতৃত্ব গড়ে তোলা এবং নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, নারী দিবস, ওমেন ফর ওয়েটল্যান্ড, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ