
চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। দেশের আট বিভাগের মধ্যে দুর্ঘটনার দিক থেকে সিলেট মাঝামাঝি অবস্থানে রয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার (৬ মার্চ) সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভাগভিত্তিক সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দেশে মোট ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট বিভাগে ঘটেছে ৩০টি দুর্ঘটনা, যাতে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ৬২ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ২২টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতির মতে, সড়ক দুর্ঘটনার পেছনে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সড়কে পর্যাপ্ত রোড সাইন ও ডিভাইডারের অভাব এবং মহাসড়কে উল্টো পথে যানবাহন চলাচল অন্যতম কারণ।
দুর্ঘটনা কমাতে দক্ষ চালক তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং মহাসড়কে আধুনিক অবকাঠামো উন্নয়নের সুপারিশ করেছে সংগঠনটি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট সড়ক দুর্ঘটনা, সিলেট বিভাগ দুর্ঘটনা, যাত্রী কল্যাণ সমিতি, সড়ক দুর্ঘটনা প্রতিবেদন, সিলেট সংবাদ


