২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

রক্তে রঞ্জিত মাতৃভাষা বাংলাকে মর্যাদা দিতে হবে: এমপি ডা. সাখাওয়াত

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ 

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন


হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, পৃথিবীতে অসংখ্য ভাষা থাকলেও বাংলা ভাষার মতো রক্তস্নাত ইতিহাস খুব কম ভাষারই রয়েছে। এই ভাষার প্রতিটি অক্ষরে মিশে আছে সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগ। তাঁদের তাজা রক্তে রঞ্জিত হয়ে বাংলার আকাশে যে সূর্য উদিত হয়েছিল, তা আজও আমাদের পথ দেখায়।

 

তিনি বলেন, দেশের তরে যারা প্রাণ উৎসর্গ করেন, তারাই প্রকৃত শহীদ। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। রক্ত দিয়ে কেনা এ মাতৃভাষাকে যদি আমরা শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে না পারি, তবে তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা হবে না। শহীদদের আত্মার শান্তির জন্যই বাংলাকে জীবনের সর্বত্র গুরুত্ব দিতে হবে।

 

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি জীবন আরও বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বসব, তাঁদের কথা মন দিয়ে শুনব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন খাতের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

তিনি বলেন, জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করতে হবে। আমরা সবাই মিলে কাজ করলে বানিয়াচং-আজমিরীগঞ্জ হবে উন্নয়ন ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান আহমদ, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, কাউছার উদ্দিন রাসেল ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন। এ সময় প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বানিয়াচং থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বানিয়াচং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজন যেন আবারও স্মরণ করিয়ে দিল—বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের আত্মপরিচয়, আমাদের অহংকার, আমাদের রক্তে লেখা স্বাধীনতার প্রথম অক্ষর।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মাতৃভাষা বাংলা, শহীদ দিবস, একুশে ফেব্রুয়ারি, সিলেট, হবিগঞ্জ, ডা. সাখাওয়াত হাসান জীবন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ