১৩ মার্চ ২০২৬

দৈনন্দিন / দিবস

যুক্তরাজ্যের বুকে বাংলা ভাষার প্রতীক: আলতাব আলী পার্কের শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন


যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত আলতাব আলী পার্ক দাঁড়িয়ে থাকা শহীদ মিনারটি প্রবাসে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের এক অনন্য প্রতীক। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত এই স্থাপনাটি কেবল ভাষা আন্দোলনের স্মৃতিই বহন করে না, বরং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ইতিহাস ও সংগ্রামের কথাও বলে। 

পার্কটির নামকরণ করা হয়েছে আলতাব আলী'র স্মরণে। আলতাব আলীর জন্ম ১৯৫০-এর দশকে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈয়দরগাঁও ইউনিয়নের মোল্লাআতা প্রত্যন্ত গ্রাম থেকে জীবিকার সন্ধানে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে কাজ করার সময় ১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদী সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন। তাঁর মৃত্যু তৎকালীন ব্রিটেনে বর্ণবাদবিরোধী আন্দোলনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে এবং প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা ঘটায়। 

আলতাব আলীর হত্যাকাণ্ডের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় সেন্ট মেরি পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় ‘আলতাব আলী পার্ক’। সময়ের পরিক্রমায় এখানে নির্মিত হয় শহীদ মিনার—যা বাংলা ভাষা আন্দোলনের চেতনাকে প্রবাসে ধারণ করে আছে। 

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘UK in Bangladesh’ এ আজ শনিবার প্রকাশিত এক পোস্টেও আলতাব আলী পার্কের শহীদ মিনারের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, লন্ডনের এই মিনারটি ঢাকার শহীদ মিনারের একটি ছোট সংস্করণ এবং এটি লন্ডনের বাংলাদেশি জনগোষ্ঠীর ইতিহাস, সংগ্রাম ও সংস্কৃতির স্থায়ী প্রতীক। 

হোয়াইটচ্যাপেল এলাকা বর্তমানে ‘বাংলাটাউন’ নামে পরিচিত। রেস্টুরেন্ট, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এখানে গড়ে উঠেছে শক্তিশালী প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। আলতাব আলী পার্ক সেই কমিউনিটির ইতিহাসের কেন্দ্রবিন্দু যেখানে ভাষা, পরিচয় ও বর্ণবাদবিরোধী সংগ্রামের স্মৃতি একসূত্রে গাঁথা। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য, প্রবাস, সিলেট, আলতাব আলী, পার্ক, লন্ডন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ