১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সিলেটের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০২ অপরাহ্ন


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সিলেটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপনে নগরীর চৌহাট্টা এলাকায়  শহীদ মিনারে সামনের রাস্তায় আলপনাও আঁকা হয়েছে।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১১টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করা হবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) জানান, পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই শহীদ হন। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে পালিত হয়ে আসছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ