২৮ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

কবি মো. নুরুল ইসলামের দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন


সিলেটের প্রবীণ অধ্যাপক ও যুক্তরাজ্যপ্রবাসী কবি মো. নুরুল ইসলামের নতুন দুটি কাব্যগ্রন্থ ‘বিশ্বজুড়ে আলো’ ও ‘বোধ ও বেদনা’ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বুনন প্রকাশনীর উদ্যোগে প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝেও যাঁরা নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যান, তাঁরা প্রকৃত অর্থেই সংস্কৃতির সৈনিক। কবি মো. নুরুল ইসলাম সেই বিরল মানুষদের একজন, যিনি দূরদেশে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছেন। ‘নুরুল ইসলামের কবিতায় মানবিক বোধ, জীবনবোধ ও প্রবাসজীবনের বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।’

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ইউকের সভাপতি একেএম ইয়াহিয়ার সভাপতিত্বে এবং বুনন প্রকাশনীর পরিচালক ও সম্পাদক কবি খালেদ উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক তাপসী চক্রবর্তী লিপি, সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী, কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, ব্যবসায়ী এটিএম শোয়েব, কবি আয়শা মুন্নী ও কবি শাব্বির জালালাবাদী।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আল আমিন। এ সময় অনুষ্ঠানটি সিলেটের সাহিত্যিক ও কবিদের এক মিলনমেলায় পরিণত হয়।

 

শেষ পর্বে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মো. নুরুল ইসলাম বলেন, প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত থাকতে পারাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

 

উল্লেখ্য, কবি মো. নুরুল ইসলাম ইতোমধ্যে ১২টি কাব্যগ্রন্থ প্রকাশ করে বাংলা সাহিত্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

মো. নুরুল ইসলাম, কাব্যগ্রন্থ মোড়ক উন্মোচন, প্রবাসী কবি, একুশে বইমেলা, সিলেট সাহিত্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ