২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

আট ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেল জংশনে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে এই রুটে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

এর আগে সোমবার রাত ৩টার দিকে ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দেশের গুরুত্বপূর্ণ এই দুই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

স্টেশন মাস্টার ইউসুফ বলেন, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে সোমবার রাত পৌনে ১২টায় ছেড়ে আসে। রাত পৌনে ৩টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়।

এরপর ২টা ৫৫ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে যাওয়ার জন্য সিগন্যাল পায়। ট্রেনটি ১৫০ মিটার এগিয়ে যাওয়ার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বগি লাইনচ্যুত হওয়ার ফলে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন বলে জানান স্টেশন মাস্টার ইউসুফ।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। চার ঘণ্টার প্রচেষ্টায় বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আট ঘণ্টা পর, ঢাকা-সিলেট-চট্টগ্রাম, ট্রেন চলাচল, স্বাভাবিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ