২৮ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দল ঐক্যজোট করেছে: হাবিবুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৬ ৯:১০ অপরাহ্ন


জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এ দেশে বসবাসরত চার জাতি আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মানুষ চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও লুটতরাজ থেকে মুক্তি চায়। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই দশ দল একত্রিত হয়ে ঐক্যজোট গঠন করেছে।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারের সামনে সিলেট-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

মাওলানা হাবিবুর রহমান বলেন, দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন সম্ভব। দাঁড়িপাল্লার এই অফিস হবে দশ দলীয় জোটের বিজয়ের প্রতীক। এখান থেকেই সিলেট-১ আসনে গণভোটে ‘হ্যাঁ এবং দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের সব পরিকল্পনা বাস্তবায়িত হবে।

 

তিনি আরও বলেন, সিলেট আজ নেতৃত্বশূন্য। বিমানের ভাড়া সকালে একটা রাতে আরেকটা। সিলেট থেকে ঢাকা যেতে ট্রেনে দ্বিগুণ ভাড়া দিতে হয়। সিলেটের জন্য কোনো মাস্টারপ্ল্যান নেই। রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা ও নদী এলাকায় নদীভাঙনের সমস্যা। সিলেটের বিদেশীরা রেমিট্যান্স দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখলেও আজকে তাদেরকে ডাবল ভাড়া দিয়ে দেশে আসতে হয়। 

 

তিনি বলেন, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় তাহলে এই সিলেট এয়ারপোর্টকে সংস্কার করে সকল সিন্ডিকেট ভেঙে সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের করে রূপান্তর করা হবে। সিলেটের রেললাইনকে ডাবল করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

 

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সিলেট-১ আসনের দশ দল মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমীর ও মহানগর ১০ দলীয় জোটের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, এনসিপির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল, এবি পার্টির মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, খেলাফত মজলিসের মহানগর সহসভাপতি শাহ আশিকুর রহমান, এলডিপি মহানগর আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন ও জাগপা মহানগরের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন।

 

ক্বারী মুফতি হাফিজ মুশাহিদ আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, জামায়াত, হাবিবুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ