২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাকসুর প্রশ্নে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে বাধ্য নই: সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ইস্যুতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ছাত্রদলের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে  তিনি বলেন, শাকসুর প্রশ্নে কোনো অবস্থাতেই আপস নয় এবং শাকসুর বিরুদ্ধে যে বা যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধেই অবস্থান নিতে বাধ্য হবেন তারা।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আপনারা জানেন আজকে ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই আমাদের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আমাদের এই প্যানেল ছাত্রদলের কোন একক প্যানেল নয়, এখানে অর্ধেকের মত স্বতন্ত্র প্রার্থীও আছে। আমি এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ বা কারা যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায় আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। ইনশাআল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়বো।’

এদিকে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ এবং শাকসু নির্বাচন নিয়ে আপত্তি তুলে রোববার নির্বাচন কমিশনের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তিন দফা দাবিতে সংগঠনটি রাতে পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

ঘটনাস্থল থেকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পোস্টাল ব্যালট নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া গেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠী ব্যালট পেপার নিয়ে প্রভাব বিস্তার করছে। ইসির ভেতরে যারা আছেন, তারা বিষয়টি জানেন না এমনটা হতেই পারে না। তাদের প্রত্যক্ষ মদদেই এসব ঘটনা ঘটছে।’

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের দাবি মানা না হলে এই কর্মসূচি আরও কঠোর হবে। প্রয়োজনে সারারাত ইসি ঘেরাও করে অবস্থান চালানো হবে।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাকসু, ছাত্রদল, সম্মিলিত সাস্টিয়ান ঐক্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ