০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

ভারত–বাংলাদেশ ম্যাচে টসের সময় হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি

ভয়েস স্পোর্টস ডেস্ক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারত–বাংলাদেশ ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক হাত মেলাননি। ঘটনাটি অনিচ্ছাকৃত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


একটু অসুস্থ বোধ করায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম এদিন টস করতে নামেননি। ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে টস করেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সহ–অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে দুই অধিনায়কের হাত মেলানো ক্রিকেটের পুরোনো রীতিগুলোর একটি। কিন্তু এদিন জাওয়াদ ও আয়ুশ হাত মেলাননি।


এ নিয়ে রাত ৮টার দিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।’


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে; কারণ, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যেকোনো স্তরেই একটি মৌলিক শর্ত।’


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

ভারত–বাংলাদেশ, ক্রিকেট, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ, বিসিবি, সিলেট ভয়েস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ