০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৫:১১ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. ইদ্রিছ আলী।

উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমশি বাবুর বাজার খেলার মাঠে সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের আয়োজনে এবং কৃপাময়ী যুব সংঘের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে এম. ইদ্রিছ আলী বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদদের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করবে।’

নকআউট পদ্ধতিতে পরিচালিত এ টুর্নামেন্টে আন্তঃজেলার মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামপুর একতা যুব সংঘ, চুনারুঘাট বনাম ইয়াং ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, সাইফ চা বাগান। নির্ধারিত ৩০ মিনিটের খেলায় উভয় দল গোলশূন্য ড্র করলে ট্রাইব্রেকারে ইসলামপুর একতা যুব সংঘ চুনারুঘাট ৪–৩ গোলে জয়লাভ করে। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ইসলামপুর একতা যুব সংঘের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস শহীদ। স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজকল্যাণ সংস্থা ভুনবীরের সভাপতি তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুনবীর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানবাধিকার কর্মী মো. লোকমান মিয়া এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল। এছাড়াও স্থানীয় মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের কয়েক হাজার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ দেওয়ার পাশাপাশি শহীদ ওসমান হাদির স্মৃতিকে অম্লান রাখতেই এই আয়োজন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, শহীদ ওসমান হাদি, ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ