২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

শিশির মনিরের বৈঠকে আওয়ামী লীগের নেতাদের ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন


সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি ভিডিও।

এতে দেখা গেছে, জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী বৈঠকে বক্তব্য দিচ্ছেন রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা–সমালোচনা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দিরাই উপজেলার কয়েকটি ফেসবুক আইডি ও পেজে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় মাইকে বক্তব্য দিচ্ছেন গোলাপ মিয়া নামের এক ব্যক্তি। তাঁর পাশেই বসে থাকতে দেখা যায় জামায়াতের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে।

স্থানীয় সূত্র জানায়, গোলাপ মিয়া একসময় রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। 

সভায় তিনি ভোটকে ‘উন্নয়নের চাবি’ হিসেবে উল্লেখ করে বলেন, ঘর, দরজা ও তালার উদাহরণ টেনে ভোটই সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি-যার মাধ্যমে উন্নয়ন সম্ভব। তাঁর বক্তব্যে তিনি স্পষ্টভাবে শিশির মনিরকে সেই ‘চাবির যোগ্য ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।

ভিডিও ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বৈঠকে আরও বক্তব্য দেন রাজানগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়া, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খসরু মিয়া এবং আলতাবুর রহমান। এলাকাবাসীর মতে, তাঁদের প্রত্যেকেই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

এ বিষয়ে গোলাপ মিয়া বলেন, তিনি কয়েক বছর আগে স্বল্প সময়ের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।

তিনি বলেন, `আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ। ভোট দেওয়ার অধিকার একজন নাগরিক হিসেবে সবারই আছে। সে কারণেই  একজন সাধারণ ভোটার হিসেবে এলাকার স্বার্থ বিবেচনায় শিশির মনিরের বৈঠকে বক্তব্য দিয়েছি।'


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শিশির মনির, বৈঠক, আওয়ামী লীগ, নেতা, ঘিরে বিতর্ক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ