০৫ মার্চ ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেটে বিপিএল

ম্যাচ জিততে সিলেট টাইটান্সের দরকার ১৪৪ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৭:৫০ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

বিপিএলের চতুর্থ ম্যাচে বোলিংয়ে দাপুটে পারফরম্যান্সের পর জয়ের জন্য সিলেট টাইটান্সের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৪ রান। ২০ ওভার শেষে নোয়াখালী এক্সপ্রেস সংগ্রহ করেছে ৭ উইকেটে ১৪৩ রান।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় সিলেট। টসে জিতে আগে বোলিংয়ে নেমে তারা মাত্র ৯ রানের মধ্যেই তুলে নেয় নোয়াখালীর তিন উইকেট। সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত লাইন–লেন্থে এলোমেলো হয়ে পড়ে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ।


চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সৈকত আলী মিলে ৩২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সাইম আইয়ুব সেই জুটি ভেঙে দেন। তাকে উড়িয়ে মারতে গিয়ে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৯ বলে ২৪ রান করা সৈকত আলী।


পরে পঞ্চম উইকেটে অঙ্কনের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন সাব্বির হোসেন। কিন্তু আবারও সাইম আইয়ুবের আঘাতে ভাঙে সেই জুটি। তার বলে লং অনে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন ১৫ বলে ১৫ রান করা সাব্বির। দলীয় পঞ্চাশে পৌঁছাতেই নোয়াখালীর লেগে যায় ১০.২ ওভার, তখনই তাদের উইকেট পতন দাঁড়ায় পাঁচটিতে।


৫ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জাকের, আর অঙ্কন দেখেশুনে ব্যাট করে ৪৬ বলে তুলে নেন নিজের হাফ সেঞ্চুরি।


ইনিংসের শেষ ওভারে জাকের আলী ১৭ বলে ২৯ রান করে বোল্ড হন। পরের বলেই খালেদ আহমেদ আউট করেন রেজাউর রহমান রাজাকে, যার ক্যাচ নেন ইথান ব্রুক। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত তা হয়নি। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন খালেদ।


এতে ২০ ওভার শেষে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩ রান। ম্যাচ জিততে সিলেট টাইটান্সের প্রয়োজন ১৪৪ রান।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, বিপিএল-২০২৫, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস, সিলেট, সিলেট ক্রিকেট স্টেডিয়াম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ