০১ মে ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

সিলেটে নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহীকে আটকে দিল ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ন


স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে বড় জয় দিয়ে বিপিএলের দ্বাদশ আসর শুরু করা রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের ধারা থামিয়ে দিল ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিমের নেতৃত্বে নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে গেছে রাজশাহীর ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। শুরু থেকেই চাপের মুখে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম বলেই কোনো রান না করেই ফিরতে হয় ওপেনার সাহিবজাদা ফারহানকে।

একপ্রান্তে ধাক্কা সামলানোর চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাদের জুটি বড় হতে পারেনি। তানজিদ ২০ রানে ফিরলে শান্তও থামেন ৩৭ রানে। আগের ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার আজ বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে মোহাম্মদ নেওয়াজ ২৬ ও মুশফিকুর রহিম ২৪ রান যোগ করলেও তা দলকে বড় সংগ্রহ এনে দিতে যথেষ্ট ছিল না।

লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে আসে মাত্র ২৬ রান। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়ার আগেই থেমে যায় রাজশাহীর ইনিংস।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইমাদ ওয়াসিম। চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। দুটি উইকেট শিকার করেন নাসির হোসেন। এ ছাড়া আরও তিন বোলার একটি করে উইকেট নিয়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সিলেট, বিপিএল, রাজশাহী, ঢাকা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ