২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ ৯:২২ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল। পর্যায়ক্রমে থানা পুলিশ, আনসার ও ভিডিপি, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং হারিছ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টার পর কানাইঘাট উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাদ যোহরের নামাজ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহর থেকে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, কানাইঘাট, বিজয় দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ