বিজয়ের ৫৪ বছর ও ‘থিয়েটার মুরারিচাঁদ’-এর এক যুগ পূর্তি উপলক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজে দুই দিনব্যাপী পথনাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। 
 ‎
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
 ‎
সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমেদ খান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর পান্না বসু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জামাল উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম, কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ বিলাল উদ্দিন এবং ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল।
 ‎
এছাড়া কলেজের বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে প্রথম দিনের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।
 ‎
জাতীয় সংগীত পরিবেশন ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমেদ খান। এর পর অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি ও তরুণ প্রজন্মের সৃষ্টিশীলতার গুরুত্ব।
 ‎
‎দুপুর ২টা থেকে শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে পরিবেশনা উপস্থাপন করে মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটি, রি-ভাইবসহ নৃত্যকলি, নগরনাট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও থিয়েটার বাংলা। গান, নাচ, আবৃত্তি ও নাট্যাংশে দর্শকরাও ছিলেন সরব।

দিনব্যাপী কর্মসূচিতে উপচে পড়া দর্শক ও অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে উৎসবের প্রথম দিন সফলভাবে শেষ হয়।
 ‎
উল্লেখ্য, আগামীকাল দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিন। অনুষ্ঠানে সবার উপস্থিতির আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ,থিয়েটার মুরারিচাঁদ, এক যুগ পূর্তি, বিজয়ের ৫৪ বছর, সিলেট, সংস্কৃতি, পথনাট্য